সময় "বুঝলা মতিন, জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। কালকে জুম'আ নামাজের বয়ানের সময় ইমাম সাবেও কিন্তু এই বিষয়ে বয়ান দিছিলো। সূরা আসরে আছে, সময়ের কসম। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত্।, আল্লাহ সময়ের কসম খেয়ে মানবজাতিকে সতর্ক করেছেন যে, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবং তারা ধ্বংস হয়ে যেতে পারে। এই যে তুমি আমি এখন এই ২০০৭ সালে দুইজনে বইসা কথা বলতেছি। আমরা এই সময়ে এইখানে না বইসা যদি ১৯৮৭ সালে বসতাম, কথা বার্তা বলতাম, তাইলে কেমন হইতো।" ঘন্টা দেয়ার সময় হয়ে গেছে। মতিন বিরক্ত মুখে জিজ্ঞেস করে ," তাইলে কেমন হইতো ?" ইংরেজীর অস্থায়ী শিক্ষক জালাল হক উপরের দিকে হাত তুলে উত্তর দেন,"সেইটা তো আর আমি বলতে পারবো না, তিনিই ভালো জানেন। এমন ও হইতে পারতো তুমি এই স্কুলের দপ্তরী না হয়ে ঢাকা শহরের কোন সরকারী স্কুলের গণিতের শিক্ষক আর আমি ইংরেজির শিক্ষক " " স্যার, আপনি কি কন না কন। আমি তো ম্যাট্রিক এ শুধু এই গনিতেই ফেল করছিলাম। আমি কেমনে গণিতের শিক্ষক হমু? আপনি স্যার এখন টিচার্স রুমে যাইয়া বসেন গিয়া, তিন নম্বর ঘণ্টা দেওনের সময় হইয়া গেছে আমার।"...